যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন; আহ্বায়ক জসীমউদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগের চার জেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. জসীমউদ্দিন ভিপি এবং সদস্যসচিব হয়েছেন মো. কামরুল হাসান। গত ১৮ অক্টোবর আয়োজিত এক আলোচনা সভায় ৫৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে তাঁরা নির্বাচিত হন।

কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এ ফোরামের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুস সবুর এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাদলের সার্বিক উদ্যোগ ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সাবেক ছাত্রনেতা সাফায়েত হোসেন রুমান।

সভায় ভোটের মাধ্যমে একেএম আজিজুল বারী (তিতাস) যুগ্ম আহ্বায়ক এবং মো. হুমায়ূন কবির যুগ্ম সদস্যসচিব নির্বাচিত হন। একই সঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট নেতারা আশা প্রকাশ করেন, কুমিল্লা বিভাগের চার জেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এ ফোরাম যুক্তরাষ্ট্রে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতারা মনে করেন, পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করবে এ ফোরাম।