তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন পরিবার ও সমাজে তাঁর সিদ্ধান্তের মূল্যায়ন হয়। বিশ্বযোগ প্রকল্পের মাধ্যমে নারীরা উদ্যোক্তা ও স্বাবলম্বী হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা নারী শক্তির আয়োজনে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে বাঙ্গুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্বযোগ’ শুধুমাত্র কিছু নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়, আপনাদের মাধ্যমে এটি একটি সমাজ এবং একটি জাতিকে বদলে দেওয়ার হাতিয়ার যেন হয়ে ওঠে। নারীদের হাতের কাজের এই দক্ষতা যখন তাঁদের অর্থনৈতিক মুক্তি এনে দেবে, তখনই হবে এ কার্যক্রমের আসল সার্থকতা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গ্রামের মা-খালা ও বোনেরা তাঁদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজের পেশাদার প্রশিক্ষণ (সেলাই, বুটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, জুয়েলারি) গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করে বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদ শুভ, দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, প্রশিক্ষক সালমা ইসলাম, নারী শক্তির ফৌজিয়া প্রিতি, সাবিহা নূর প্রমুখ।
প্রশিক্ষণকালে দেবীদ্বারের নারীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সবার মাঝে তুলে ধরেন এবং ‘বিশ্বযোগ’-এর মাধ্যমে তৈরি এসব জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এ সময় প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ‘বিশ্বযোগ’ থেকে সনদ প্রদান ও প্রশিক্ষকদের শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেওয়া হয়।