দেবীদ্বারে এইচএসসি ২০২৬-এর ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ

তাছকিয়া রহমান প্রজ্ঞা, দেবীদ্বার।।

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮ জন পাসের মধ্য দিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দেবীদ্বারের “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”। একই সাথে কুমিল্লা বোর্ডের ফলাফলে ১৮তম স্থান অর্জন করেছে এই কলেজ। ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলা ও জেলায় সুনাম অর্জন করে আসছে এই কলেজ। ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এ কলেজের রয়েছে কৃতিত্ব।

এ বছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের পাসের হার ৮৫.০৭ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৪ জন, মানবিক বিভাগ থেকে ৬৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ জনসহ সর্বমোট ২২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি কলেজের মধ্যে সর্বাধিক ৮৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় দেবীদ্বার উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের। উপজেলায় প্রথম হওয়ার পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৮তম হয়েছে এই কলেজ। তবে আমাদের দেবীদ্বারের অনেক কলেজের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে কী কারণে খারাপ হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে ভালো করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি।

দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোহেল মিঞা জানান, “আমরা আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। তবে কলেজের শিক্ষার্থীদের আজকের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে।”

যে প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক হবেন, সেই প্রতিষ্ঠানের ফলাফল অবশ্যই ভালো হবে বলে তিনি মনে করেন।

তিনি সকলের আন্তরিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।