কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগে ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।

এর আগে একই দিন সকালে ‘যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন দক্ষিণ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।