মৃত্যুদণ্ডের রায়ের পর সুমাইয়ার কবর জিয়ারত করলেন সহপাঠীরা

কুবি সংবাদদাতা।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার মামলায় আসামি মো. মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুমাইয়ার কবর জিয়ারত করেছেন তাঁর সহপাঠীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লার সুজানগর এলাকায় সুমাইয়ার নিজ গ্রামে গিয়ে তাঁরা কবর জিয়ারত করেন। এ সময় সহপাঠীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এর আগে বুধবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত সুমাইয়া ও তাঁর মাকে হত্যার দায়ে মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সুমাইয়ার ভাই ও সহপাঠীরা। তাঁরা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানিয়েছেন। সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আশা করছি, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।’

সুমাইয়ার সহপাঠী নূরানী শেখ বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি, এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে রায় ঘোষণার পর তা কার্যকর হতে যেন দীর্ঘ সময় না লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।’

আরেক সহপাঠী সামিউন সোলতানা ঐশী বলেন, ‘সুমাইয়া ও তাঁর মায়ের হত্যার রায় ঘোষণার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আমরা চাই, রায় ঘোষণার পর এর কার্যকরের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হোক।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে ৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।