ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির পৃথক অভিযানে ছয় তালিকাভুক্ত মানব পাচারকারী ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয়সংখ্যক বিজিবি সদস্য এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ছয়জন তালিকাভুক্ত মানব পাচারকারী ও এক বিদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। এ ছাড়া কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের আয়াত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) আটক হয়েছেন।
আটক বিদেশি নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।