দাউদকান্দিতে যুবদল নেতা ফখরুলের ওপর হামলা, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে মাছের প্রজেক্টের বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতা ও ব্যবসায়ী মো. ফখরুল ইসলামের (৪৫) ওপর হামলা, তাঁর ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়া, মাছ ধরার নৌকা ভাঙচুর এবং মাছ বিক্রির ১০ লাখ ৮০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের চরচারিপাড়া এলাকায় নিজের মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফখরুল ইসলাম ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম ২০১১-১২ সালে চরচারিপাড়া এলাকায় মাছের প্রজেক্টটি শুরু করেন। পরে প্রজেক্টের দখল নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তিনি আবারও প্রজেক্টটি পরিচালনার সুযোগ পান। এ নিয়ে প্রথম অভিযুক্ত মনির হোসেনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁর অভিযোগ, এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় হুমকি ও হয়রানি করা হতো।

অভিযোগে বলা হয়, গত শুক্রবার বিকেলে প্রজেক্টে অবস্থানকালে মনির হোসেনসহ অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

ফখরুল ইসলামের দাবি, হামলাকারীরা তাঁর কাছ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন। এ ছাড়া প্রজেক্টে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি মাছ ধরার নৌকা ভাঙচুর করেন এবং মাছ বিক্রির ১০ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর তাঁকে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে গৌরীপুর বাজারে প্রথম অভিযুক্তের অফিসকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্বজন ও গৌরীপুর ফাঁড়ির পুলিশের সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হন। স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফখরুল ইসলামের অভিযোগ, অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানো, মারধর এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গত শুক্রবার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ফখরুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।