কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

মারুফ আহমেদ:

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

ময়নামতি সাথী শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাকিল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অহিদুল রহমান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আউয়াল হোসেন এবং মোকাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক হুমায়ূন কবির।

নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের পথচলাকে স্বাগত জানানো হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে গোতমী শিল্পীগোষ্ঠী।