কুবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘৯ম বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন

কুবি প্রতিনিধি:

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘৯ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ‘Marketing in the Age of AI’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে এবং মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (MIB) সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং প্রায়োগিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কোনো আয়োজন যেন কেবল র‍্যালি কিংবা কেক কাটার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে এবং সহজে ইন্টার্নশিপ নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা সময়ের দাবি। শিক্ষকরা তাঁদের গবেষণালব্ধ জ্ঞান সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং বছরব্যাপী নিয়মিত অ্যাকাডেমিক ও কো-কারিকুলার কার্যক্রম চালু রাখবেন বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল্লাহ আল জামিল, অধ্যাপক ড. মো. মঈনুল হাসানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।