‎কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নুসরাত জাহান মীম ‎

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎একক বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান মীম। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

‎স্বাধীনতা বিতর্ক মঞ্চ ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত *অম্লান হাদী জাতীয় বিতর্ক উৎসব*-এ এই কৃতিত্ব অর্জন করেন তিনি। গত ৩১ জানুয়ারি নগরীর নজরুল ইনস্টিটিউটে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ একক বিতর্ক প্রতিযোগিতায় নুসরাত জাহান মীম যুক্তিনিষ্ঠ আলোচনা, তথ্যভিত্তিক বক্তব্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করেন। প্রতিযোগিতার প্রতিটি পর্বেই তাঁর বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনা তাঁকে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখে। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সাফল্য অর্জন করেন।

‎শিক্ষাবিদরা মনে করেন, নুসরাত জাহান মীমের এই অর্জন জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎এ বিষয়ে নাগাইশ মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান সবুজ বলেন, ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় নুসরাত জাহান মীম আরও সাফল্য অর্জন করবেন বলে তিনি আশাবাদী। এ সময় তিনি আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।