চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
সমাজে নৈতিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করপাটি পূর্বপাড়া ইউনিটের উদ্যোগে সামষ্টিক খাবার ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কনকাপৈত ইউনিয়ন সেক্রেটারি পেয়ার আহমেদ মজুমদার, সাবেক সভাপতি মাওলানা ইয়াছিন ফরায়েজী, সংগঠক মাস্টার নুরুল ইসলাম মজুমদার।
করপাটি গ্রাম ইউনিট জামায়াতের সভাপতি আহসান হাবিব ব্যাপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌরসভা ব্যবসায়ী বিভাগ সভাপতি মহী উদ্দিন মজুমদার, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জামায়াত নেতা আবদুল মতিন পাটোয়ারী, সাইফুল ইসলাম ফরায়েজী, সাদ্দাম হোসেন মোল্লা, কাজী আরব আলী। পরে করপাটি পুর্বপাড়া ইউনিট সভাপতি মহিউদ্দিন মোল্লার আমন্ত্রণে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাতের খাবারে অংশগ্রহণ করে।
সভায় সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।