চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামবাসীর উদ্যোগে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াবের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার এসআই নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর, প্রফেসর আবদুল মন্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আলম, অ্যাডভোকেট সোহাগ হোসেন মজুমদার, প্রফেসর শাহজাহান, গুণবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবদুল জলিল, বিশিষ্ট সমাজসেবক নুর হোসেন, গ্রাম সর্দার আবদুর রউফ মজুমদার, ফয়েজুল্লাহ, ইউনুস, সৈয়দুজ্জামান ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আবুল কাসেম।

বক্তারা বলেন, মাদকের থাবায় যুবসমাজ ধ্বংসের পথে। এখনই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে না পারলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। হিলাল নগরের সাতটি সমাজের যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে মাদক প্রতিরোধ এবং চুরি ও ডাকাতি দমনে হিলাল নগরের সাতটি সমাজের প্রতিনিধিদের নিয়ে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।