ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা, হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের নেতৃত্বে একদল মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে উপজেলার জগমোহনপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন অভিযোগ করেন, চাচাতো ভাইদের অত্যাচারে পৈতৃক বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। সম্প্রতি নিজের মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা ও ভরাটের কাজ শুরু করলে, চাচাতো ভাই আবদুল কুদ্দুসের নেতৃত্বে একদল মাদককারবারি কাজে বাধা দেয়। এ সময় কাজ চালিয়ে যেতে হলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ফারুক হোসেনের দাবি, বাধ্য হয়ে তিনি ৭ লাখ টাকা দিলেও বাকি ৩ লাখ টাকার জন্য আবারও হামলা চালানো হয়। এতে চার থেকে পাঁচজন শ্রমিক আহত হন। ভাঙচুর করা হয় মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) ও নির্মাণকাজের বিভিন্ন সরঞ্জাম।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এদিকে, জমিসংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে একটি মহল সংবাদ প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন ফারুক হোসেন। তিনি ওই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের জমির বৈধ কাগজপত্রের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী।
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”