নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত আলহাজ্ব জুনাব আলীর কন্যা মোছাম্মৎ পেয়ারা বেগমের জ্যেষ্ঠ পুত্র মো. মাহবুব রেজাউল রব ছাব্বির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার মালিবাগের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পেশায় মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব রেজাউল রব ছাব্বির দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার পিতা মরহুম আব্দুর রব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ছিলেন।
রবিবার বাদে এশা কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কলেজের জামে মসজিদ সংলগ্ন মরহুম জুনাব আলীর পারিবারিক কবরস্থানে নানার কবরের পাশে দাফন করা হয়।
জানাজায় নিমসার শিকারপুর গ্রামের ছাড়াও অন্যান্য এলাকা এবং দূর দুরান্ত থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
জানাজা শুরুর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুম ছাব্বিরের ছোট মামা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন, মোকাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, অধ্যাপক ফারুক আহমেদ, নিমসার জুনাব আলী কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম।