দুই যুগ পরও অক্ষত কাফনের কাপড় ও দেহ, কুমিল্লার মনোহরগঞ্জে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রায় দুই যুগেরও বেশি সময় আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হলেও মরদেহের কাফনের কাপড় কিংবা শরীরে মাটির কোনো স্পর্শ লাগেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ অলৌকিক ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে। স্থানীয়দের সূত্রে জানা যায়, উলুপাড়া গ্রামের প্রয়াত রমজান আলীর স্ত্রীর মৃত্যুর পর গত ৩১ জুলাই (শুক্রবার) তার পারিবারিক কবরস্থানে নতুন কবর খোঁড়া শুরু হয়। কবরটি খোঁড়ার একপর্যায়ে রমজান আলীর পুরনো কবরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে। সেখানে দেখা যায়, ২৪ বছরেরও বেশি সময় আগে দাফন করা রমজান আলীর কাফনের কাপড় ও শরীর সম্পূর্ণ অক্ষত রয়েছে, যেন কেবলই দাফন করা হয়েছে।

গ্রামবাসী ও স্বজনরা জানান, জীবনদশায় রমজান আলী ছিলেন অত্যন্ত সৎ, ধার্মিক ও পরহেজগার একজন মানুষ। তিনি স্থানীয় হাটে-বাজারে চাল ও আটা বিক্রি করে অতি সাধারণ জীবনযাপন করতেন। কখনো কারো হক নষ্ট করেননি এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতেন।

কবর খোঁড়ার সময় মরদেহ অক্ষত দেখার খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক মানুষ এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এটিকে মহান আল্লাহর অসীম কুদরত ও সৎকর্মশীল মানুষের প্রতি বিশেষ নিয়ামত হিসেবে দেখছেন।

পরে স্থানীয় আলেম-ওলামা ও মুরুব্বিদের উপস্থিতিতে ধর্মীয় রীতি অনুযায়ী কবরটি পুনঃমেরামত করে ঢেকে দেওয়া হয়। ঘটনাটি বর্তমানে পুরো উপজেলায় প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।