দুর্বৃত্তদের হাত ভেঙে দিতে হবে: ডা. শফিকুর রহমান

আহনাফ তিহামী, দাউদকান্দি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্বৃত্তদের হাত ভেঙে দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ, আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, কিন্তু গ্যাসের বিল যথারীতি আছে। বিদ্যুতের ভূতুড়ে বিলও আছে। জনগণকে এমন হয়রানি থেকে সরকারকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাঁদের কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি।

এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে লংমার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে দাউদকান্দি ত্যাগ করে।