সিনিয়র রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
কর্মসূচির আওতায় দেবিদ্বার উপজেলা পরিষদ, দেবিদ্বার পৌর কার্যালয় ও দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। গাছ রোপণের পাশাপাশি সঠিক পরিচর্যা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
পূবালী ব্যাংকের কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ব্যাংকটি প্রতি বছর এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা রিজিওনাল অফিসের এজিএম ও আরআরএম ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য, রিজিওনাল ক্রেডিট এডমিনিস্ট্রেটর মোহাম্মদ আক্তার হোসেন এবং দেবিদ্বার শাখা ব্যবস্থাপক ও এজিএম ওয়ায়েছ মাসুম চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফরী, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আক্তার হোসেন, দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক মো. ইকবাল হোসেন, বাজার পরিদর্শক আলমগীর হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. হারুন অর রশিদসহ ব্যাংকের শাখা কর্মকর্তা-কর্মচারীরা।