দেবিদ্বারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবিদ্বার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির ও বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, ন্যায়, সত্য ও শান্তির বাণী তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক বিমল দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার ধর, পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার সদস্য সচিব পরিমল বিকাশ দত্ত, পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার সাবেক সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, সনাতনী পরিষদ দেবিদ্বারের সাধারণ সম্পাদক জনী সাহা, পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বারের যুগ্ম সম্পাদক মিন্টু চন্দ্র দে, পূজা উদযাপন পরিষদ দেবিদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. প্রদীপ কুমার দে।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রূপায়ন পাল, দেবিদ্বার কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বারের যুগ্ম আহ্বায়ক শংকর সাহা, নেপাল দত্ত বিহারমণ্ডল, বরকামতার শংকর পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, ন্যায়নীতি ও মানবতার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।