তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ’র আবাসিক বাসভবনের ৯টি রাইজারের ১২ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে দেবীদ্বার গ্যাস অফিস।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা গ্যাস অফিসের ব্যাবস্থাপক ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েদ’র নেতৃত্বে ওই অভিযানে ১২ কর্মকর্তার রান্না ঘরের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
২০১৩ ও ২০১৭ সাল থেকে ৯ টি রাইজারের ১২টি গ্যাস চুলার বকেয়া বিলের পরিমাণ ৩২ লাখ টাকা হওয়ায় এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার গ্যাস অফিসের ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও বিল পরিশোধ করা হয়নি। তাছাড়া বকেয়া গ্যাস বিল আদায়ে অডিট কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপও ছিল বেশী। বাধ্য হয়ে আবাসিক কলোনির ৯টি রাইজারের ১২টি গ্যাস চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি। সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের চুলা প্রতি মাসিক বিল মাত্র ১ হাজার ৮০ টাকা। তিনি বলেন, মোট বকেয়া বিলের ৫০ শতাংশ টাকা জমা দিলেই পুনরায় গ্যাস সংযোগ চালু করে দেওয়া হবে।
দেবীদ্বার গ্যাস অফিসের ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ আরো জানান, তার কার্যালয়ের অধিনে কমার্শিয়াল ৫৫০ টি, সিএনজি-৪টি, ইন্ডাস্ট্রি- ২ টি, মিটার আবাসিক ১৪৫টিসহ এক হাজার আটশত গ্রাহক রয়েছে। এসব গ্রাহকদের মধ্যে প্রায় ৩ কোটি টাকার উপর গ্যাস বিল বকেয়া রয়েছে।
এদিকে, উপজেলা পরিষদ কলোনির আবাসিক বাসিন্দাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের দৈনন্দিন রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাপনে ভোগান্তি তৈরি হয়েছে বলেও একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস বিল বকেয়া থাকায় উপজেলা কলোনির রান্নার গ্যাসের রাইজার সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস কর্তৃপক্ষ। তবে এবিষয়ে সংযোগ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।