ব্রাহ্মণপাড়ায় ধানক্ষেতের ডোবার পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের মাতম

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে খনন করা একটি অগভীর ডোবার পানিতে ডুবে অলি ও আলী নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুন্সি বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু অলি (৪) ও তার যমজ ভাই আলী (৪) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার মেয়ের সন্তান।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রোববার দুপুরের দিকে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাদের আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা ডোবার পানিতে তাদের ভাসতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। তবে বিষয়টি জানানো হলে পুলিশ তা খতিয়ে দেখবে।