গাজী রুবেল।।
“এসো বাঁধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান”এই মানবিক স্লোগানকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন শশীদল। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে ইতোমধ্যে সংগঠনটি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ, উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাশের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এম. এ. খালেক। প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া হাসপাতালের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জসিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পর্যায়ক্রমে আলহাজ্ব আবুল কাশেম মাস্টার, মোঃ সামছুল হক, মোঃ আনোয়ার হোসেন মাস্টার, মোঃ আলী হুসাইন সাগর, মোঃ শফিক আহাম্মেদ, ডাঃ সাইফুল ইসলাম সিপন, মোঃ আলী আকবর পিন্টু, সাকিবুল হাসান রাকিব, গোলাম মোস্তফা, এডমিন মোঃ হাসিবুর রহমান হাবিব, মোহাম্মদ ইয়াসিন, মোঃ মামুন রাজ প্রমূখ।
সংগঠনের মহাপরিচালক আবু মুসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জালাল হোসাইন, পরিচালক মো. তুষার ইমরান এবং মো. নূর নবী। এ সময় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি ব্যাগ রক্ত যেমন একজন মানুষের জীবন বাঁচাতে পারে, তেমনি মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।
রক্তদান ফাউন্ডেশন শশীদল শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। ভবিষ্যতেও সংগঠনটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।