সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা)
মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ উপজেলা মুরাদনগরে সফর করেছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে তিনি উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সরকারি সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভা শেষে তিনি নিজ বাসভবনে গিয়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন এবং তাদের ফলের ঝুড়ি উপহার দেন। শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ সময় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন বলেন, “ধর্মমন্ত্রী হিসেবে কায়কোবাদ ভাইয়ের দায়িত্ব গ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়। তার নেতৃত্বে মুরাদনগরের উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা আশা করছি।”
ধর্মমন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বরে মানুষের ঢল নামে। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে মুরাদনগর উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।