মুরাদনগরে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ছালিয়াকান্দি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দাবিকৃত এক হামলার ঘটনাকে পারিবারিক বিষয় থেকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছুদিন আগে মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি এলাকার বাঙ্গারি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী বৈঠক করতে চাইলে তিনি এতে আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকদিন পর জামায়াত কর্মী আবু তাহের রুহুল আমিনের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নেয়ামতকান্দি বাজারে আবু তাহেরসহ কয়েকজন পুনরায় রুহুল আমিনের পথরোধ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় খবর পেয়ে আবু তাহেরের বড় ভাই সুমন মিয়া ঘটনাস্থলে এসে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। অটোরিকশায় ওঠানোর সময় তাহেরের পিঠে সামান্য আচড় লাগে।

এই ভাইয়ে ভাইয়ের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে হামলার কাল্পনিক গল্প তৈরি করেছে, দাবি করেন মোল্লা মুজিবুল হক। তিনি বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি, মিছিল এবং অসুস্থ নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাভাবিকভাবে হাসপাতাল থেকে বের হয়ে খাবার খেয়ে চলে যায়। এতে প্রমাণ হয় পুরো ঘটনাটি সাজানো, মিথ্যা ও বানোয়াট।

তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমরা মুরাদনগরে সম্প্রীতির রাজনীতি করি। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলা হয়, প্রতিহিংসামূলক রাজনীতি ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, রোববার রাতে জামায়াত কর্মী আবু তাহেরের ওপর বিএনপির হামলার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ভাই সুমন মিয়া। তিনি জানান, তাহেরের শরীরের চোট গাড়িতে ওঠানোর সময় লেগেছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।