স্টাফ রিপোর্টার।।
দর্শনার্থীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু হলো এটুআই-এর ‘মাইগভ ই-টিকিটিং’ সেবা।
শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই ডিজিটাল সেবাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে দেশি-বিদেশি পর্যটকরা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই অনলাইনে পেমেন্টের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় এবং কিউআর কোড স্ক্যান করে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর, মাইগভ টিম লিড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ শাহীন আলম এবং ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে অধিদপ্তরের অধীন আরও ৩০টি ঐতিহাসিক স্থাপনাকে এই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে, যার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শশীলজ জাদুঘর, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, পানাম নগর ও ডুলাহাজারা সাফারি পার্কে এই ই-টিকিটিং সেবা চালু করা হবে।