ডেস্ক রিপোর্ট।।
পরিবার পরিকল্পনা বিষয়ক অলাভজনক স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), কুমিল্লা শাখার ৫৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়াস্থ ফান টাউন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিগত সময়ে এই সংস্থার সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর এফপিএবি সদস্য রাইয়ানুল জান্নাত রোজা’র সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের ট্রেজারার ওমর ফারুক চৌধুরী। বিগত ৫৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন প্রতিষ্ঠানের সিও পঙ্কজ চাকমা।
আয়োজিত এই ৫৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আতাউর রহমান। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ এফপিএবি-র সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এফপিএবি কুমিল্লা শাখার মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখা আগামী দিনগুলোতে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য উন্নয়নে সংস্থাটির অবদান আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে স্থায়ী কার্যালয় স্থাপন করার প্রস্তাব দেন ট্রেজারার ওমর ফারুক চৌধুরী।