রাহাদুল ইসলাম সুজন, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম ও স্থানীয় এক অটোরিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। বিস্ফোরণের পর আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফটকের আশপাশে থাকা দুজন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক সাতটা দশের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত হোমমেড একটি ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হবে।’
প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।