আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান নয়, তাঁর জন্য অপেক্ষা করছে আইনের হাতকড়া এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাতটি গ্রাম পরিদর্শনকালে বিভিন্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এদিন তিনি ইউনিয়নের ভাসখোলা, হাঁসেরখোলা, ভেলানগর, চারিপাড়া, আউটিয়াখোলা, নগরপাড় ও সিঙ্গুলা গ্রাম ঘুরে দেখেন। এ সময় এলাকাগুলোর বেহাল সড়ক, সেতু ও কালভার্ট পরিদর্শন করেন। কোথায় নতুন সড়ক পাকাকরণ, কোথায় সেতু ও সড়ক সংস্কার প্রয়োজন, তা সরেজমিনে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
পথসভায় খন্দকার মারুফ বলেন, গায়ের জোরে ১৭ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা স্বৈরশাসন চালিয়েছেন। তাঁর শাসনামলে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাত ধ্বংস হয়েছে। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের মানুষ তাঁর প্রতি চরম ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান দাবি করা মামাবাড়ির আবদার’।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিনষ্ট করতে নাশকতায় লিপ্ত রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে পলাতক সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্র করছে। এসব নাশকতা প্রতিরোধে প্রধান বিরোধী দলসহ ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় এলাকার ভাঙাচোরা সেতু, কালভার্ট ও সড়কের উন্নয়নে দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন খন্দকার মারুফ। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের কোনো জ্যেষ্ঠ নেতা এসব এলাকা পরিদর্শনে আসেননি, উন্নয়নও হয়নি। স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে তিনি নিয়মিত তাঁদের পাশে থেকে কাজ করছেন।
বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকত আলী খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সরকার, সদস্যসচিব মো. রোমান খন্দকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।