পারভেজ সরকার, দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে জাকির হোসেন নামে এক মুদি দোকানিকে নাশকতা মামলায় আটক করে কারাগারে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ। ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। ঘটনায় দেবিদ্বার থানা পুলিশের এমন কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
আটক জাকির হোসেন (৪০) দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুরের মৃত আকামত আলীর ছেলে।
আটক জাকির হোসেন এর স্ত্রী শারমিন আক্তার জানান, গতরাতে দেবিদ্বার থানার একদল পুলিশ তাদের বাসায় এসে তাহার স্বামী জাকির হোসেনকে জায়গা সম্পত্তির ঝামেলার কথা বলে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করেন। কারো প্ররোচনা এমন কান্ড করেছে পুলিশ বলে তিনি জানান। তিনি আরো জানান আমার বিবাহের পরে কোনদিন দেখি নাই রাজনীতি করতে বা কোন মিটিং, মিছিলে যেতে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জাকির হোসেন দেড় যুগ আগে বিএনপির সমর্থক ছিল। তবে দীর্ঘদিন ধরে কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। তাহার ছোট ভাই ছাত্রলীগ ও স্ত্রী মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বিএনপি কিংবা আ’লীগের রাজনীতিতে গত ১৭ বছরে কোন প্রোগ্রাম, মিটিং মিছিল কিংবা কোন ভাবেই রাজনীতিতে জড়িত ছিল না। কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে রাজনৈতিক মামলায় আজ বলি হলেন তিনি।
এবিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, জাকির হোসেনের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। জাকির হোসেন কোন পদ পদবি ছিল কিনা জানতে চাইলে তিনি জানান পদ ছিল না, তবে আ’লীগের সমর্থক ছিল।
এবিষয়ে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া থানার সার্কেল এএসপি মোঃ শাহীন বলেন, কাজের ব্যস্ততা ও শারীরিকভাবে ভাবে অসুস্থ থাকায় তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
এবিষয়ে দেবিদ্বারের সংসদ সদস্য এমপি হাসনাত আবদুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেবিদ্বার থানা পুলিশ নিরীহ ও সাধারণ মানুষকে প্রতিদিন আটক করে জেল হাজতে প্রেরণ করছে। যারা জুলাইয়ে দেবিদ্বারে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে, বর্তমানে জুলাইয়ের মামলার আসামী তারা থানার আশেপাশে ঘুরাফেরা করলেও আটক করা হয় না। আ’লীগের পদধারী কোন নেতাকে আটক করতে দেখা যায় না। উল্টো জুলাইয়ের পক্ষে যারা রাস্তায় নেমেছিল তাদের আটক ও হয়রানি করা হচ্ছে। এ হয়রানি থেকে বাদ যাচ্ছে না বিএনপি, জামাত ও এনসিপির নেতাকর্মীরাও। এছাড়াও আমার সুনাম ক্ষুন্ন করতে যা খুশি তাই করছে দেবিদ্বার থানা পুলিশ। প্রতিদিন তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমার কাছে আসছে।