ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সব গণ্যমান্য অতিথিকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
স্বাগত ভাষণে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি কুমিল্লা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বলে তিনি আলোকপাত করেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।