পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় উপজেলা প্রশাসন, দেবিদ্বারের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গুনাইঘর উত্তর ইউনিয়নের সেপারা গ্রামের জমির হোসেনের ছেলে আল আমিন (২৪) এবং গজারিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রায়হান (২৬)।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।