ডেস্ক রিপোর্ট।।
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েমের) বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন।
পোস্টে তিনি দাবি করেন, রাত সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তাঁর মা-বাবা বাড়িতে ছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, এ ধরনের হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে জুলাইপন্থি ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। পেট্রোলবোমা ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।