কুবির প্রত্নতত্ত্ব বিভাগে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট-২৬’ শুরু

রাহাদুল ইসলাম সুজন, কুবি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট-২৬’ শুরু হয়েছে। বিভাগের ‘আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি’র উদ্যোগে ২২ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

‎উৎসবে থাকছে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা, গ্র্যান্ড র‍্যালি, হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন, নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবে প্রথম দিনের ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় লুডু খেলছেন শিক্ষার্থীরা।

‎রোববার (২২ নভেম্বর) ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‍্যালি। একই দিন শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে দুই দিনব্যাপী ‘হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন’। এ ছাড়া ২৫ নভেম্বর নবীনবরণ ও পুরস্কার বিতরণী এবং ২৬ নভেম্বর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

উৎসবের প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠেছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

‎এবারের উৎসবে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ‘বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন’। প্রদর্শনীতে ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির দুর্লভ মেডেল প্রদর্শন করা হবে।

‎উৎসব ও প্রদর্শনী প্রসঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘সেমিস্টার পদ্ধতির ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা শুধু র‍্যালি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সব সময় ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করি। এবার আমাদের প্রদর্শনীতে বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের দুর্লভ স্মারক দেখার সুযোগ পাবে।’

‎প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র উপদেষ্টা মোতাসিম বিল্লাহ বলেন, ‘প্রত্নতত্ত্ব বিষয়ে মানুষের মাঝে থাকা অস্পষ্টতা দূর করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি কোটবাড়ী ও কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখবে।’