স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুর রহমান ও সফিকুর রহমান ভুঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোঃ শরীফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা শরীফুল ইসলাম বলেন, “রক্তের গ্রুপ জানা একটি গুরুত্বপূর্ণ সচেতনতার বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের মানবিক সমাজের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও মানবিকতার মানসিকতা গড়ে তুলতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল হক শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করায় গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে একটি সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।