ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লা বরুড়া থেকে চান্দিনায় বেড়াতে যাবার পথে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। ভিকটিম নারীর স্বামীর কাছ থেকে জরুরী সেবা ৯৯৯- এ কল পেয়ে সোমবার ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে স্বামী-স্ত্রী অটো রিক্সায় করে বরুড়া উপজেলা থেকে চান্দিনার মাইজখারে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তাদের অটোরিকশাটির চার্জ শেষ হয়ে গেলে অটো রিক্সা ঠেলে হেঁটে রওনা হন তারা। আনুমানিক ১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রামের কামারখোলা-এওয়াজবন্দ সড়কে পৌঁছালে নির্জন স্থানে আগে থেকে ওৎপেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে।
তার স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে ওই নারী। ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত চার জন আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই তিন জনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এর মধ্যে মেহেদী হাসান তারেক, মোঃ আশিক, আরিফ, ইসমাইল নামে চারজনকে রাতেই আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে।