দেবিদ্বারে আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে ৩১ নম্বর আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম খন্দকারের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি রিপন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা জামিলা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড় আলমপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক মোছলে উদ্দিন মিছির,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল সাইফুল এবং ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও ভালো আচরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তাঁরা।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ এরশাদ, মোশারফ হোসেন মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ দেশ ও জাতির কল্যাণ এবং সবার সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।