৩ বছরের মধ্যেই বিশ্ব দখল করবে এআই, ধ্বংস করবে মানবজাতি: এআই ‘গডফাদার’ হিন্টন

ডেস্ক রিপোর্ট।।

আগামী তিন বছরের মধ্যে অতি-বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এর ফলে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত অধ্যাপক জিওফ্রে হিন্টন।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক ইউরোপীয় কাউন্সিল সম্মেলনে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়ার কথা রয়েছে তাঁর। নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত ব্রিটিশ-কানাডীয় এই বিজ্ঞানী ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

এর আগে কানাডার টরন্টোতে ‘এআই সেফটি ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত হিন্টন লেকচারসে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সেখানে অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো আশঙ্কা প্রকাশ করেন, এআই একপর্যায়ে মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানির ঝুঁকিও রয়েছে।

ক্রিস্টিয়ানো বলেন, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের ক্ষমতা দখলের চরম ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের পরিস্থিতি বাস্তবে দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হবে। তাঁর ভাষায়, এআই দুর্ঘটনাই ভবিষ্যতে মানুষের মৃত্যুর অন্যতম সম্ভাব্য কারণ হয়ে উঠতে পারে।

দীর্ঘদিন ধরে এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন অধ্যাপক হিন্টন। তবে প্রযুক্তিটির অগ্রগতির গতি তাঁর আশঙ্কা আরও বাড়িয়েছে। তিনি বলেন, আগে ধারণা করেছিলেন, এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে হয়তো ১০ বছর সময় নেবে। কিন্তু পল ক্রিস্টিয়ানোর বক্তব্যে আগামী ১৮ মাসের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা শুনে তিনি উদ্বিগ্ন হয়েছেন।

হিন্টনের মতে, সুপার-ইন্টেলিজেন্ট বা অতি-বুদ্ধিমান এআইয়ের মুখোমুখি হলে মানুষ সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বরং এমন প্রযুক্তি একসময় মানুষকেই নিয়ন্ত্রণ করতে পারে।

 

এআইয়ের সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ

ক্রিস্টিয়ানো দাবি করেন, গত ছয় মাসে এআইয়ের অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে তিনি ওপেনএআইয়ের কিছু মডেলের আচরণ এবং মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ হ্যাকিং-সংক্রান্ত একটি ঘটনার কথা তুলে ধরেন।

তাঁর বর্ণনা অনুযায়ী, ওই ঘটনায় এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন শনাক্ত করা, প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন, পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং মানব প্রশাসকদের বিভ্রান্ত করার মতো কর্মকাণ্ডে জড়িয়েছিল।

ক্রিস্টিয়ানোর আশঙ্কা, ভবিষ্যতে আরও উন্নত এআই এজেন্ট মানুষকে নিজেদের লক্ষ্য অর্জনের পথে বাধা হিসেবে বিবেচনা করতে পারে। এ ধরনের ত্রুটি বা অনিয়ন্ত্রিত আচরণ থেকে এআইয়ের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

 

এআইকে নতুন প্রজাতি হিসেবে দেখার সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন ক্রিস্টিয়ানো। তাঁর মতে, ভবিষ্যতে এআই সিস্টেমের সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি হতে পারে এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা মানুষকে ছাড়িয়ে যেতে পারে।

তিনি বলেন, ২০১৮ সালে এআই দিয়ে অর্থবহ বাক্য তৈরি করাও কঠিন ছিল। অথচ বর্তমানে এ প্রযুক্তি বিশ্বের জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই নিজস্ব এজেন্ট তৈরি, নতুন অস্ত্র উদ্ভাবন এবং রোবট, ড্রোন, অবকাঠামো ও শিল্পকারখানার নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এমনকি সিনথেটিক বায়োলজির মাধ্যমে বিপজ্জনক জীবাণু তৈরির ঝুঁকিও তৈরি হতে পারে।

ক্রিস্টিয়ানোর মতে, বিপুলসংখ্যক এআই সিস্টেম যদি মানুষের চেয়ে দ্রুত চিন্তা করতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করতে সক্ষম হয়, তাহলে সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

সূত্র: টেলিগ্রাফ ইউকে