ডেস্ক রিপোর্ট।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে ১ বছর ৩ মাস বয়সী নিজের শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন ওই তরুণী।
অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী এবং ওই তরুণীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। শিশুটিকে কী পরিস্থিতিতে অন্যের কাছে দেওয়া হয়েছে এবং অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ওই তরুণী বলেন, ‘হ্যাঁ, আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।’
এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, ‘এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র: টাইমস টুডে