আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় সংসদ সদস্য সেলিম ভূইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান সংসদ সদস্য সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে ভূরিভোজে অংশ নেন। পরে তাঁরা অনুষ্ঠানস্থলে যান।
একপর্যায়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ তাঁর সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের পক্ষ থেকে তাঁদের বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন কাঠের রোল ও চেয়ার নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েছেন।
এদিকে ঘটনার পর এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের উপস্থিতিতে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর অভিযোগে এমদাদ হোসেন আখন্দের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এবং জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তিতাসসহ আশপাশের উপজেলাগুলোতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, আমি কুমিল্লায় আছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।