তাছকিয়া রহমান প্রতিভা,দেবীদ্বার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে যুবলীগ কেন্দ্রীয় তেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও জাতীয় নেতৃত্বের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল করার সময় তাঁদের আটক করা হয়।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ছোট ভাই দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদদের নেতৃত্বে ওই ঝটিকা মিছিল হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবীদ্বার উপজেলার ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
স্থানীয় সূত্র জানা যায়, দেবীদ্বার উপজেলার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই দেবীদ্বার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর থেকে একটি মিছিল বের হয়। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন স্লোগান করে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি চান্দিনার তীরচরের দিকে আসার সময় ধাওয়া করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ লেখা একটি ব্যানার ও বাংলাদেশের কয়েকটি পতাকা পাওয়া যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আমরা মহাসড়কের টহলরত অবস্থায় তাদেরকে আটক করি। তবে যে স্থানটি থেকে তাদের আটক করা হয়েছে থানার সীমানার দিক থেকে ওই স্থানটি মুরাদনগর থানা এলাকার পড়েছে। সে হিসেবে তাদেরকে মুরাদনগর থানা পুলিশের কাছে আমরা হস্তান্তর করব।