দেবিদ্বারে সরকারি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বারে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে ভেকু (এক্সকাভেটর) দিয়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত মো. সোবাহানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।