আহনাফ তিহামী, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা কবি পরিষদের উপজেলা শাখার কমিটি পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. ওসমান। এরপর নাতে রাসুল পরিবেশন করেন নাজিবা আক্তার।
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি কবি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের তিতাস শাখার সাধারণ সম্পাদক কবি এস এম ফরিদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি অধ্যাপক মতিন সৈকত (এআইপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শাকের উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার উপদেষ্টা কবি ওয়াহিদুজ্জামান, পরিষদের প্রধান নির্বাহী আর. মজিব, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, সাংবাদিক আহনাফ তিহামী, অ্যাডভোকেট রাসেল রাফি, প্রধান সমন্বয়ক শেখ মোহাম্মদ মহসিন মাটি, সহসভাপতি কবি রতন চন্দ্র দেবনাথ, তিতাস শাখার সভাপতি শাহ জামান শুভ, হোমনার কবি আমান উল্লাহ চৌধুরী ও মাদরাসার শিক্ষক মো. শাহজালালসহ কবি, সাহিত্যিক ও সুধীজন।
অনুষ্ঠানে সাহিত্যচর্চায় উৎসাহ দিতে ছয়জন ক্ষুদে কবিকে পুরস্কৃত করা হয়। তারা হলো—সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার নুসরাত জাহান, আরিফা ও ইমা আক্তার এবং রায়পুর কেসি উচ্চবিদ্যালয়ের আনিসা হক, বীথি মনি ও সোহাগী।
এর আগে কবি আমিনুল হককে সভাপতি এবং কবি শাকিল সরকারকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকেরা জানান, সাহিত্যচর্চার প্রসার, কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।