১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই-মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

মো. জাকির হোসেন, বুড়িচং ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই–মনঘাটা–আবিদপুর ও নিমসার–আবিদপুর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়ক দুটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ কোরপাই পোস্ট অফিস–কাকিয়ারচর–মনঘাটা–আবিদপুর সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। অন্যদিকে নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে আবিদপুর পর্যন্ত আরও একটি সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়ক দুটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

এতে কোরপাই, কাকিয়ারচর, মনঘাটা, লোয়ারচর, আবিদপুর, মিথলমা ও ভারেল্লাসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া, প্রেমু ও ছোটনা গ্রামের মানুষও এসব সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন। স্থানীয়দের দাবি, প্রতিদিন ১৫ হাজারেরও বেশি মানুষ এসব সড়ক ব্যবহার করেন।

এলাকায় রয়েছে জুনাব আলী কলেজ, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ব্যাংক-বীমা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া আবিদপুর এলাকায় রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে এসব সড়কে চলাচল করতে হচ্ছে।

সড়ক দুটির বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষিপ্রধান এসব গ্রামের শত শত কৃষক তাঁদের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানযোগে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাঁচাবাজার নিমসারে নিয়ে আসেন। কিন্তু সড়কের খানাখন্দের কারণে পণ্য পরিবহনে বাড়তি সময় ও খরচ হচ্ছে। অনেক ক্ষেত্রে যানবাহন চালকদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট পুকুরের মতো সৃষ্টি হওয়ায় চলাচল আরও দুরূহ হয়ে পড়ে।

মিথলমা গ্রামের কৃষক জসিম, আনিস ও রশিদ জানান, সড়কটি ভাঙাচোরা থাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। যানবাহন চালকদের বাড়তি ভাড়া দিতে হয়। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে অনেক সময় বিকল্প সড়ক ব্যবহার করে দীর্ঘ পথ ঘুরে বাজারে পণ্য নিয়ে যেতে হয়। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।

সড়ক দুটিতে নিয়মিত চলাচলকারী কাকিয়ারচর গ্রামের সিএনজিচালক আবদুল জলিল ও মিথলমা গ্রামের নাসিরসহ কয়েকজন চালক জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় যাত্রীদের পাশাপাশি তাঁদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দে পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় যাত্রী ও মালামাল নিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তাই তাঁরা দ্রুত সড়ক দুটি সংস্কারের দাবি জানান।

এদিকে কাকিয়ারচর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি অংশে সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীদের পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। তাঁদের মতে, সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. উয়ালি উল্লাহ জানান, কোরপাই–মনঘাটা এবং নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে আবিদপুর পর্যন্ত সড়ক দুটির বেহাল অবস্থার বিষয়টি তাঁদের জানা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক দুটির সংস্কারকাজ শুরু করার কথা রয়েছে। দ্রুত কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।