স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা অঞ্চলের তিন জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে বিএডিসির সেচের ট্রান্সফর্মার-পাম্প চুরি হিড়িক পড়েছে। গত ছয় মাসে অন্তত ৫০টি ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও কুমিল্লার মুরাদনগরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এতে হুমকির মুখে পড়েছে বোরো মৌসুমে হাজারের বেশি হেক্টর জমির ফসল উৎপাদন। এছাড়া আরও ১১হাজার হেক্টর জমির অর্ধ লক্ষাধিক কৃষক বৈদ্যুতিক সরঞ্জাম চুরির আতঙ্কে রয়েছেন।
কৃষক, স্থানীয় ও বিএডিসি‘র সূত্রমতে, স্বল্পমূল্যে বিএডিসি ট্রান্সফরমার ও মোটরসহ বিভিন্ন সেচ সরঞ্জাম এলাকার কৃষক গ্রুপকে প্রদান করে। বিএডিসি পরবর্তীতে সেসব সরঞ্জাম মেরামতে সহযোগিতা করে থাকে। তবে চুরি হয়ে গেলে তার দায়িত্ব সেচ পাম্প পরিচালকের। এদিকে গত ৬মাসে কুমিল্লা. চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৫০টি চুরির ঘটনা ঘটেছে। কুমিল্লা জেলায় বরুড়া,দেবিদ্বার ও মুরাদনগরে বেশি চুরির ঘটনা ঘটেছে। চাঁদপুরে বেশি চুরির ঘটনা ঘটেছে শাহরাস্তিতে। এদিকে কুমিল্লা অঞ্চলে এবার ১২হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চুরির কারণে বোরো আবাদ বিঘ্ন ঘটবে সহস্রাধিক হেক্টর জমিতে। এছাড়া চুরির আতঙ্কে দিন কাটছে ১১হাজার হেক্টর জমির অর্ধ লক্ষাধিক কৃষকের। চুরির বিষয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের কোন তদারকি নজরে পড়েনি বলে জানান পাম্প মালিকরা। এনিয়ে গত রবিবার কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় সভায়ও আলোচনা হয়েছে।
বনকরার কৃষক সুলতান মিয়া, নাসির হোসেনসহ কয়েকজন বলেন, এখানে এর আগে আর চুরির ঘটনা ঘটেনি। এখন পাম্প মালিক বলছেন-আর পাম্প চালাবেন না। তার ট্রান্সফরমার কেনার টাকা নেই। বোরো ধান চাষ করতে না পারলে পথে বসে যাবো।
পাম্প ম্যানেজার আবদুল বাসেত বলেন, ৫০একর জমি এই পাম্প দিয়ে সেচ দেয়া হতো। তিনটি ট্রান্সফরমার কেনার টাকা নেই। সরকারের সহায়তা ছাড়া পাম্প চালানো সম্ভব নয়। থানায় অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি।
বিএডিসি (সেচ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল- মাসুম বলেন, সম্প্রতি আমাদের দেয়া ট্রান্সফরমার পাম্প গুলো চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় সভায় জানানো হয়েছে। প্রশাসন থেকে জানা হয়েছে- যেন চুরি না হয় সে বিষয়ে তদারকি করবেন। চুরির বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছে। আমরা চাই প্রত্যেকটা পাম্প যেন আবার চালু হয়। কৃষকের মুখে যেন হাসি ফুটে উঠে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, জেলা উন্নয়ন সমন্বয় সভায় আমরা এবিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। আমাদের থানা গুলো কাজ শুরু করেছে। তাদের রাতে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। সামনে যেন এমন ঘটনা না ঘটে সেবিষয়েও পদক্ষেপ নেয়া হবে।