কুমিল্লায় শুরু হয়েছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব। চার দিনব্যাপী এ ধর্মীয় উৎসব ২২ নভেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর (বুধবার) প্রাতঃকালে মহানামযজ্ঞের সমাপ্তির মধ্য দিয়ে শেষ হবে।

কুমিল্লা নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী রামঠাকুর আশ্রমে এ রাসোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা ধর্মীয় আয়োজন ও পূজার্চনার প্রস্তুতি। এতে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

উৎসবের প্রথম দিন ২২ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় বেদবাণী পাঠ ও শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সন্ধ্যারতি, গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রীশ্রী নামযজ্ঞের শুভারম্ভ এবং শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়।

উৎসবের দ্বিতীয় দিন ২৩ নভেম্বর (সোমবার) অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শ্রীনাম প্রদান করবেন শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মধ্যাহ্নে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ-আরতি এবং সন্ধ্যায় শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রীশ্রী রাসপূজা অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন ২৪ নভেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী ও রাতভর চলবে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। সকাল ১০টায় শ্রীনাম প্রদান করবেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মধ্যাহ্নে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগরাগ শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা।

শেষ দিন ২৫ নভেম্বর (বুধবার) প্রাতঃকালে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞের সমাপ্তির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ রাসোৎসবের পরিসমাপ্তি ঘটবে।

রাসোৎসবের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি, অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য এবং সম্পাদক অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

উৎসবসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১২৩২৪৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।