আহনাফ তিহামী, দাউদকান্দি-তিতাস।।
কুমিল্লার দাউদকান্দিতে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় গৌরীপুর আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গৌরীপুর বাজারের বিভিন্ন বিউটি পার্লারের মালিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন গৌরীপুর আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. ইমরান খান, কাস্টমার সার্ভিস অফিসার মো. মামুনুর রশীদ, লোন অফিসার পিযুষ কর্মকার এবং মার্কেটিং অ্যান্ড সেলস কর্মকর্তা আকাশ চন্দ্র নাথ।

কর্মশালায় স্থানীয় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন, নতুন ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারী উদ্যোক্তারা যাতে ব্যাংকিং সুবিধার সঠিক ব্যবহার করে তাঁদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারেন, সে বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।