দেবিদ্বারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড়ে অবস্থিত সুমেরা কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেবিদ্বার উপজেলার রাজামেহার, ভানী, সুলতানপুর, বরকামতা, মোহনপুর ও এলাহাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এ সময় প্রার্থীদের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে দলের অবস্থান নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্যসচিব আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনকারী ত্যাগী, যোগ্য ও জনসম্পৃক্ত ব্যক্তিদের মধ্য থেকে নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় মনোনয়নপ্রত্যাশীদের দলের সাংগঠনিক নির্দেশনা মেনে চলা, জনগণের পাশে থাকা এবং নির্বাচনী কার্যক্রমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।