দেবিদ্বারে জমি নিয়ে বিরোধ, চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা বশিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত নারীর বাঁ হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে জানিয়েছে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ১০ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নৌবাহিনীর কর্মকর্তা বশির তাঁর চাচা ও চাচিকে মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত নারীর বাঁ হাতের তিনটি আঙুল ভাঙার বিষয়টি জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির বিষয় উল্লেখ করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে অভিযুক্ত নৌবাহিনীর কর্মকর্তা বশিরের দাবি, ঘটনাটি আত্মরক্ষার্থে ঘটেছে। তিনি বলেন, এটি আমাদের পারিবারিক ঝামেলা। বিগত ১০ বছর ধরেই বিরোধ চলছে। তারাও আমাকে আঘাত করেছে। তাই আমি নিজেকে বাঁচাতে আত্মরক্ষা করেছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।