স্টাফ রিপোর্টার।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অভিযোগে গতকাল শনিবার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় ফাঁড়ি পুলিশ একটি পিক-আপ জব্দসহ শওকত হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর ওয়ার সিমেট্রি, রামপাল, সাহেবের বাজার, ময়নামতি গরুর বাজার এলাকায় ১ কিলোমিটার অংশে সড়ক বর্ধিত করণের কাজ চলছে। এজন্য এস্কেভেটর দিয়ে পুরোদমে মাটি কাটা, বালু, ম্যাকাডম দিয়ে সেই গর্ত ভরাট করার প্রক্রিয়ার মাঝে রাস্তার বর্ধিত অংশে থাকা ইট ও মাটি রাস্তার বর্ধিতকরণের কাজে নিয়োজিত ঠিকাদার ফারুকের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী আবু কাউছার রোকনের কাছে গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে।
আর এই মাটি সড়কের কাছাকাছি এলাকায় জমি ভরাটের কাজে ব্যবহারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই গতকাল বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশসহ সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করে।
পরে বুড়িচং থানাধীন দেবপুর ফাড়ির এসআই মঞ্জুরের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি পিক-আপ জব্দসহ সাইট ইঞ্জিনিয়ার শওকত হোসেন (২৮) নামের একজনকে আটক করে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।