পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের মাধ্যমে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোঃ রুবেল নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের তেয়াপুস্কুরিনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
অভিযানকালে মাদক সেবন করে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোঃ রুবেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার তেয়াপুস্কুরিনী গ্রামের মোঃ মোছলেমের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে এবং পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।