দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।

এদিকে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের আসর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।